প্রযুক্তি ও বিনিয়োগে গতি আনতে যৌথ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে বিজিএমইএ-বিটিএমএ

প্রকাশঃ Aug 4, 2026 - 22:32
প্রযুক্তি ও বিনিয়োগে গতি আনতে যৌথ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে বিজিএমইএ-বিটিএমএ


দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন এবং বিনিয়োগ বাড়াতে যৌথভাবে আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক যন্ত্রপাতি প্রদর্শনীর আয়োজন করবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। এ লক্ষ্যে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

আজ রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা অনুযায়ী, একটি আন্তর্জাতিক প্রদর্শনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকায় যৌথভাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা) আয়োজন করা হবে। প্রদর্শনীতে সর্বাধুনিক টেক্সটাইল ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক উৎপাদন প্রযুক্তি, স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা, টেকসই উৎপাদন পদ্ধতি এবং বৈশ্বিক ফ্যাশন প্রবণতা তুলে ধরা হবে।

চুক্তি বাস্তবায়নে দুই সংগঠনের পাঁচজন করে প্রতিনিধিকে নিয়ে ১০ সদস্যের একটি যৌথ পরিচালনা কমিটি গঠন করা হবে। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পর্যায়ক্রমে দুই সংগঠন পালন করবে। প্রথম আয়োজনের নেতৃত্ব দেবে বিটিএমএ এবং সহ-সভাপতির দায়িত্বে থাকবে বিজিএমইএ।

অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই উদ্যোগ শুধু একটি যন্ত্রপাতি প্রদর্শনী আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের অর্থনীতি এবং বস্ত্র ও পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে দুই সংগঠনের যৌথ কাজের একটি স্থায়ী প্ল্যাটর্ফম তৈরি করবে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে দেশীয় মূল্য সংযোজনও উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। এজন্য স্পিনিং ও টেক্সটাইল খাতসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

মাহমুদ হাসান খান আরও বলেন, শুধু বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানির পরিবর্তে আন্তর্জাতিক নির্মাতাদের বাংলাদেশে টেক্সটাইল যন্ত্রাংশ উৎপাদনে উৎসাহিত করা উচিত। এতে উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। একই সঙ্গে সুতা উৎপাদক ও পোশাক রপ্তানিকারকদের মধ্যে চুক্তি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে যৌথ সালিশি ব্যবস্থা গঠনেরও প্রস্তাব দেন তিনি।

বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এতদিন ‘ডিটিজি’ নামে আয়োজিত দ্বিবার্ষিক টেক্সটাইল যন্ত্রপাতি প্রদর্শনী এবার বিজিএমইএ’র অংশীদারত্বে আরও বড় পরিসরে এবং আন্তর্জাতিক মানে অনুষ্ঠিত হবে। এতে দেশের উদ্যোক্তারা বিদেশে না গিয়েই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার পরিবর্তন এবং পণ্য ও বাজার বহুমুখীকরণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ ও বিটিএমএ’র এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিটিএমএ’র সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং বিজিএমইএ’র সহ-সভাপতি মো. মিজানুর রহমানও বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিল্প খাতের নেতারা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। পাশাপাশি টেকসই বস্ত্র ও পোশাক উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।