রদ্রিকে পেতে বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব নাকচ ম্যান সিটির
রদ্রিকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে বিভিন্ন সূত্র ইএসপিএনকে জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে আলোচনা আগামী কয়েক দিনও চলবে এবং সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য থাকবে।
স্পেনের এই মিডফিল্ডার গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। তবে বৃহস্পতিবার বার্সেলোনা জোরালোভাবে এই আলোচনায় সামনে চলে আসে। রদ্রির সঙ্গে তারা এরই মধ্যে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে। এখন বাকি শুধু সিটিকে তাদের তারকা মিডফিল্ডারকে ছেড়ে দিতে রাজি করানো।
চুক্তির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সিটি বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে বার্সেলোনা আত্মবিশ্বাসী যে ইংলিশ ক্লাবটি তাদের অবস্থান কিছুটা নরম করবে। কারণ আগামী গ্রীষ্মেই রদ্রির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং তখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন।
সূত্রগুলো জানিয়েছে, বার্সেলোনার প্রথম প্রস্তাবের মূল্য ছিল প্রায় ৫ কোটি ইউরো, যার মধ্যে নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি বিভিন্ন শর্তসাপেক্ষ অর্থও রয়েছে। তবে ইএসপিএন’র পক্ষ থেকে সঠিক অঙ্ক জানতে চাওয়া হলে কাতালান ক্লাবটির প্রতিনিধিরা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।
চুক্তিটি যত দ্রুত সম্ভব চূড়ান্ত করতে আগামী কয়েক দিন আলোচনা চালিয়ে যেতে চায় বার্সেলোনা। বিশ্বকাপ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া বার্সেলোনার স্প্যানিশ বিশ্বকাপজয়ী খেলোয়াড় পেদ্রি ও লামিন ইয়ামালের সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে ৩০ বছর বয়সী রদ্রি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার অপেক্ষায় পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। রিয়াল মাদ্রিদকে পুরোপুরি আলোচনার বাইরে রাখা হয়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, রদ্রির অগ্রাধিকার হলো বার্সেলোনাতেই ক্যারিয়ার চালিয়ে যাওয়া।
বার্সেলোনা ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন, করিম আদেইয়েমি ও জেসি বিসিউকে দলে নেওয়া নিশ্চিত করেছে। পাশাপাশি হুয়াও ক্যান্সেলোর চুক্তিও চূড়ান্ত করার আশা করছে তারা।
এ ছাড়া রবার্ট লিওয়ানদোস্কির বিকল্প হিসেবে বিবেচিত আক্রমণভাগের খেলোয়াড় জুলিয়ান আলভারেজকেও দলে নেওয়ার জন্য আরেক দফা চেষ্টা করার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার।