ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও কিশোর নিহত

প্রকাশঃ Aug 8, 2026 - 20:21
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও কিশোর নিহত


জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত আরেকজন। আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার (৮ আগস্ট) বেলা ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার বাসিন্দা মৃত দেবারু মোহাম্মদের পুত্র আবুল হোসেন (৬৫) ও ব্যাংরোল জিয়াবাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার মো. দেলোয়ার হোসেনের পুত্র অর্ণব ইসলাম (১৩)।

গুরুতর আহত পৌর শহরের কালিবাড়ী আমতলী এলাকার নূরে আলমের পুত্র নিরব ইসলাম (১৬) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বেলা  ২টার দিকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর হতে ব্যাংরোল বালিয়াডাঙ্গী যাচ্ছিলেন নিরব ও অর্নব। পথে নেংড়ীরহাট নামক এলাকায় বৃদ্ধ আবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পিছনে বসা অর্নব ইসলাম।  গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।