ভোলায় জেলা ছাত্রদলের উদ্যোগে ১,০০০ চারা রোপণ
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় ১০০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল। এ কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
আজ সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের প্রেম রোডের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির প্রায় ১০০০ চারা রোপণ করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
গোলাম নবী আলমগীর বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদল এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা প্রয়োজন।
পরে জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেম রোডের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।