মিরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭
চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করে পুলিশ।
আজ (সোমবার) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ এসব তথ্য জানায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) ও ইউসুফ (২৬)।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাত ২টা থেকে পৌনে ৩টার মধ্যে জোরারগঞ্জ থানাধীন মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে ৩টি মুঠোফোন, প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর জোরারগঞ্জ থানায় মামলা করা হয়।
জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, টানা ৩২ ঘণ্টার অভিযানের একপর্যায়ে ইকোনমিক জোন এলাকা থেকে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।