যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি তথ্য প্রকাশের আগে বাড়ল তেলের দাম, মিশ্র শেয়ারবাজার
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি-সংক্রান্ত তথ্য প্রকাশের আগে বুধবার তেলের দাম আবারও বেড়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। মূল্যস্ফীতির এই তথ্য সুদের হার নিয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে গত মাসে ২০ হাজারের বেশি কর্মসংস্থান কমেছে। এতে দেশটির শ্রমবাজার কিছুটা দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
তবে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এর সঙ্গে ফেব্রুয়ারি থেকে চলা ইরান যুদ্ধের প্রভাব যুক্ত হওয়ায় নীতিনির্ধারকেরা ঋণের সুদের হার বাড়ানোর বিষয়টি ক্রমেই বেশি বিবেচনা করছেন।
ফেডের জুলাইয়ের বৈঠকে পরিচালনা পর্ষদের তিন সদস্য সুদের হার বাড়ানোর পক্ষে মত দেন। তবে শেষ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। বিনিয়োগকারীরা এখন ধারণা করছেন, বছর শেষ হওয়ার আগেই সুদের হার বাড়ানো হতে পারে। কেউ কেউ অন্তত দুই দফা সুদ বাড়ানোর সম্ভাবনাও দেখছেন।
বিশ্লেষকেরা বলছেন, সেপ্টেম্বরে ফেডের পরবর্তী বৈঠকের আগে আরও একটি সিপিআই প্রতিবেদন এবং আরেকটি কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশিত হবে।
তেলের দাম যত বাড়বে, ফেড সুদের হার আরও বাড়াতে পারে—এমন আশঙ্কাও তত বাড়বে। এর পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি না হওয়ায় তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ আরও বাড়ছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্র ও ইরান ‘কোনো একটি সমঝোতার কাছাকাছি’ পৌঁছেছে। এতে কিছুটা আশার সঞ্চার হলেও পরে সেই আশাও অনেকটা ফিকে হয়ে যায়।
তার এই মন্তব্যের আগে ওয়াশিংটন ও তেহরান পাঁচ মাসের যুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে।
এদিকে, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে মঙ্গলবার মার্কিন হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে কিছু সামুদ্রিক জাহাজ চলাচলের সুযোগ দিতে পর্যায়ের আলোচনা করছে—এমন খবরেও বাজারে বড় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
বুধবার দুই ধরনের প্রধান অপরিশোধিত তেলের দামই বেড়েছে। গত এক সপ্তাহে উভয় ধরনের তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।
ফরেক্স ডট কমের-এর বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণ না থাকায় গত কয়েক দিনে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে।
তিনি বলেন, ওমান ও ইরানের আলোচনার খবর কিছুটা স্বস্তি দিলেও আলোচনাকে বাস্তব কোনো সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। ইরান জানিয়েছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।
তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান অবস্থান থেকে বোঝা যাচ্ছে, সম্ভাব্য কোনো সমঝোতা এখনও অনেক দূরে। ফলে তেলের দাম আরও বাড়ার ঝুঁকিই বেশি।
এদিকে সিপিআই প্রকাশের আগে এশিয়ার শেয়ারবাজারগুলোতে ওঠানামা দেখা গেছে। তবে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে টানা ভালো প্রবৃদ্ধি হয়েছে। জুলাইয়ে প্রযুক্তি খাতনির্ভর বড় ধরনের লোকসানের পর দেশটির বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ শতাংশের বেশি বেড়েছে। চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের মূল্যবৃদ্ধি এতে বড় ভূমিকা রেখেছে। জুলাইয়ের দরপতনে এই দুই কোম্পানির শেয়ারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দুই বড় কোম্পানি কারউইভ এবং সুপার মাইক্রো কম্পিউটারের শক্তিশালী আর্থিক ফলাফলও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে কয়েক বছর ধরে চলা এআই খাতে বিপুল বিনিয়োগের সুফল নিয়ে যে উদ্বেগ ছিল, তা কিছুটা কমেছে।
এদিকে টোকিও, সাংহাই, তাইপে, ম্যানিলা ও জাকার্তার শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। বিপরীতে হংকং, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের বাজারে দরপতন হয়েছে।