নাটোরের ১৪ এতিমখানায় ২৮ লাখ ৮০ হাজার টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট বিতরণ
জেলার সিংড়া উপজেলার ১৪টি এতিমখানার নিবাসীদের অনুকূলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৮ লাখ ৮০ হাজার টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি গ্র্যান্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানা কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন। সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, বিগত মাফিয়া সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উত্তরণের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে সরকার। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, বিগত মাফিয়া সরকার দেশকে পরনির্ভরশীল দেশে পরিণত করতে সব কিছুই করে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদকের বিস্তার, দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপদান, শিক্ষার পরিবেশ ধ্বংস করার মাধ্যমে দেশের মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রথমত আবর্জনাগুলো পরিষ্কার করতে হচ্ছে। এরপর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের পরবর্তী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। সুফল হিসেবে জনগণের জন্যে সুশাসন নিশ্চিত করা হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা, নাম বদলের সংস্কৃতি, প্রতিষ্ঠান দখলের মত নিন্দনীয় কাজ থেকে আমরা মুক্ত।
ফারজানা শারমীন বলেন, বিগত দুর্নীতিবাজ সরকারের কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের রাহুগ্রাস, গ্যাসের অভাবে বিদ্যুতের উৎপাদন কম হচ্ছে। জনজীবনে বিদ্যুতের দুর্ভোগ নিয়ে আমরা কাজ করছি। আমদানীকৃত জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভর না করে সৌর বিদ্যুতের সম্প্রসারণে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই নীতিমালার আলোকে, বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর ও টেকসই প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা। আশা করি, সমস্যার স্থায়ী সমাধান হবে।
তিনি জানান, সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। এই কার্ড প্রাপ্তির মাধ্যমে বাড়ির বয়োজ্যেষ্ঠ নারীর আর্থিক ও মানসিক স্বস্তির পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আড়াই হাজার টাকা ব্যয়ের কারণে অর্থনীতির চাকাও গতিশীল হচ্ছে। ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমে অনিয়মের কারণে সাতজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পাইলটিং কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে দেশের ৫০৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত করার প্রক্রিয়া চলছে। এই কার্যক্রমে যেখানে অনিয়ম দেখা গেছে, সেখানেই কার্যক্রম স্থগিত করা হয়েছে। তথ্য সংগ্রহ করার পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষিত তথ্যের উপরে গণশুণানী অনুষ্ঠিত হবে। প্রয়োজনে তালিকা থেকে নাম বাদ যাবে বা নতুন নাম অন্তর্ভুক্ত হবে। দলমত নির্বিশেষে সব বয়োজ্যেষ্ঠ নারী ফ্যামিলি কার্ড পাবেন। এ ব্যাপারে কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী এবং সিংড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।