বিশেষ সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ
অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে পাওয়া প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ।
ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নামে বাংলাদেশ। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।
দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ব্যাট হাতে দাপট দেখান তানজিদ। হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ১৮৮ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। তিন অঙ্কে পা রাখতে ৮টি চারের সাথে ১টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ১০১ রানে সাজঘরে ফেরেন তানজিদ।
অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া সেঞ্চুরিকে স্পেশাল বলছেন তানজিদ। তাই এই সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা দিতে চাই।’
ক্যারিয়ার প্রথম টেস্ট সেঞ্চুরি নিয়ে তানজিদ বলেন, ‘এটা অবশ্যই খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আজ সেটা সত্যিই অনুভব করেছি। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’
অস্ট্রেলিয়ার কোন বোলারকে খেলা বেশি কঠিন মনে হয়েছে জানতে চাইলে তানজিদ বলেন, ‘আমি আসলে কখনও বোলার দেখে খেলি না। সব সময় চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলতে।’
প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় দিন দলের লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান তানজিদ, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। পরিকল্পনা ছিল প্রথম সেশন কীভাবে পার করা যায়। তারাও অনেক ভালো বোলিং করেছে।
আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা।’
তিনি আরও বলেন, ‘আমার সাথে শান্ত ভাইয়ের জুটি, মোমিনুল ভাই এবং মুশফিক ভাই-শান্ত ভাইয়ের জুটি অনেক ভালো ছিল, যা বড় রান করতে অনেক সাহায্য করেছে।’