রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ইয়ান দিওমান্দে

প্রকাশঃ Jul 27, 2026 - 22:40
রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ইয়ান দিওমান্দে


আরবি লিপজিগের উইঙ্গার ইয়ান দিওমান্দে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) আগ্রহ প্রত্যাহার করে নেওয়ার পর স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তির পথ প্রায় চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

১৯ বছর বয়সী আইভরি কোস্টের এই আন্তর্জাতিক ফুটবলারকে দলে নিতে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব আগ্রহ দেখিয়েছিল। তাদের মধ্যে ছিল লিভারপুল ও পিএসজি। তবে শেষ পর্যন্ত কোনো ক্লাবই তাকে দলে ভেড়াতে সফল হয়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে লিভারপুলের করা প্রাথমিক ৬ কোটি ৯০ লাখ পাউন্ডের প্রস্তাব লিপজিগ প্রত্যাখ্যান করে। এরপর রোববার পিএসজির ১০ কোটি ২৫ লাখ পাউন্ডের প্রস্তাবও ফিরিয়ে দেয় জার্মান ক্লাবটি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এরপর রিয়াল মাদ্রিদ দিওমান্দের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে। তিনি পাঁচ বছরের চুক্তিতে সই করবেন, যা তাকে ২০৩১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে রাখবে।

আগামী সপ্তাহে চুক্তি সম্পন্ন করা এবং স্বাস্থ্য পরীক্ষা দিতে দিওমান্দের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে।

গত গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে পাঁচ বছরের চুক্তিতে লিপজিগে যোগ দেওয়া আইভরি কোস্টের এই উইঙ্গারের জন্য বোনাসসহ মোট ১২ কোটি ইউরো পরিশোধ করবে রিয়াল মাদ্রিদ।

খবরে বলা হয়েছে, লিপজিগ দিওমান্দেকে জার্মানিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল। তবে বিশ্বের অন্যতম বড় ক্লাবে যাওয়ার ইচ্ছা ছিল দিওমান্দের। পাশাপাশি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ এবং সম্ভাব্য রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি প্রত্যাখ্যান করাও লিপজিগের জন্য কঠিন হয়ে পড়েছিল।

২০২৫-২৬ মৌসুমে ১২টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করে বুন্দেসলিগার বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন দিওমান্দে।

নিজ দেশ আইভরি কোস্ট থেকে ২০২৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের একটি ফুটবল একাডেমিতে যোগ দেন। পরে সেখান থেকে স্প্যানিশ ক্লাব লেগানেসে পাড়ি জমান।

আগামী সপ্তাহে দিওমান্দের চুক্তি সম্পন্ন হলে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।