আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নিজেকে খুব একা লাগে: জেমস

প্রকাশঃ Aug 14, 2026 - 21:31
আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নিজেকে খুব একা লাগে: জেমস


দীর্ঘ এক যুগ পর ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। একই দিনে প্রয়াত রক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুরও জন্মদিন। কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাই উঠে আসে আইয়ুব বাচ্চুর প্রসঙ্গ। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে হারানোর পর নিজের একাকিত্বের কথা জানিয়েছেন জেমস।

রোমের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চুর সঙ্গে জেমসের দীর্ঘদিনের সম্পর্ক ও একসঙ্গে কাজ করার স্মৃতি উঠে আসে। বন্ধুকে হারানোর পর নিজের শূন্যতার অনুভূতির কথা জানালেও এ প্রসঙ্গে বিস্তারিত বলতে চাননি জেমস।

জেমস বলেন, ‘আমরা সব সময় একসঙ্গেই কাজ করেছি, “জোড়া” ছিলাম আমরা। তো উনি চলে যাওয়ার পর খুব একা লাগে, এর থেকে বেশি বিষয় বলতে চাই না।’

দীর্ঘ বিরতির পর রোমে ফেরার কনসার্ট নিয়ে জেমস বলেন, প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন শিল্পীদের জন্য সব সময় বড় অনুপ্রেরণার উৎস। রোমে বিপুলসংখ্যক বাঙালির উপস্থিতি দেখে তাঁর মনে হয়েছে, তিনি ইতালিতে নন; বরং বাংলাদেশেরই কোনো একটি হোটেল বা সংবাদ সম্মেলনে বসে আছেন।

বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেমস।