যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্র, পাল্টা শুল্ক আরোপ করছে কানাডা

প্রকাশঃ Aug 23, 2026 - 16:20
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ তীব্র, পাল্টা শুল্ক আরোপ করছে কানাডা


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর দেশটির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি| তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাব কানাডার স্বার্থের জন্য ‘অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য’ হওয়ায় তা মেনে নেওয়া সম্ভব নয়|

খবর বার্তা সংস্থা এএফপি’র

গত শুক্রবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে| এর আওতায় কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্য পড়বে, যা কানাডার মোট যুক্তরাষ্ট্রগামী রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ| এসব পণ্যের মধ্যে হকি স্টিক থেকে শুরু করে সিমেন্টও রয়েছে|

কানাডার প্রধানমন্ত্রী কার্নি শনিবার বলেন, ‘আপনার ওপর হামলা হলে সেটাকে যুদ্ধই বলা হয়| আমরা আক্রান্ত হয়েছি|’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়া উচিত| কানাডার প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি|

তবে কার্নি বলেন, শুরুতে আলোচনা ইতিবাচক থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসন এমন কিছু শর্ত দিয়েছে, যা কানাডার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়|

অটোয়ায় তিনি বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র এমন কিছু নতুন শর্ত দিয়েছে, যা অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য| এসব শর্ত কানাডার জন্য চুক্তির সম্ভাব্য সুবিধাগুলোকে দুর্বল করেছে এবং যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে|’

তিনি আরও বলেন, ‘তারা যে প্রস্তাব দিয়েছে, আমরা তা মেনে নিতে পারি না| আর তারা যা চেয়েছে, আমরা তা দেব না|’

কানাডার নতুন পাল্টা শুল্কের আওতায় বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও দুগ্ধশিল্পের পণ্য পড়বে| এসব শুল্ক আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে জানানো হবে বলে জানিয়েছেন কার্নি।

অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার শনিবার ফক্স নিউজকে বলেন, “কানাডার পাল্টা পদক্ষেপের জবাব দিতে ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে|” তিনি আরও জানান, কানাডার আলোচকদের সঙ্গে নতুন করে কোনো আলোচনা করার পরিকল্পনা আপাতত নেই।