পঞ্চগড়ে বেকার যুবকদের জন্য বিজিবির হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু হয়েছে
সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উদ্যোগে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিজিবি’র পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশিক্ষণে সীমান্ত এলাকার ৩০জন বেকার যুবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করবেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।