শেরপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার
জেলার নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান (৭) ও ইসমাইল (৮) নামে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুই শিশু সাঁতার না জানলেও মাঝে মধ্যে স্থানীয় পুকুর ও জলাশয়ে মাছ ধরতে নামত। প্রতিদিনের মত গতকাল রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় দুই শিশু রোহান ও ইসমাইল। এরপর দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার মধ্য নাকশী এলাকার বড় পুকুরে ২ জনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেয়।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ২ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।