কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ র্যালি ও সমাবেশ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ কুড়িগ্রামে মিলাদ, কিয়াম, ধর্মীয় আলোচনা, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুপুর ১২টার দিকে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল পাড়া জামে মসজিদে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরীফের খলিফা আলহাজ মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী। সমাবেশ পরিচালনা করেন আলহাজ মো. আহসান শামীম যুন্নুরাইন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুরের নাছিরিয়া দরবার শরীফের পীর মাওলানা মো. মমতাজুল হাসান করিমী, উলিপুরের হাতিয়ার পীর আলহাজ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, আহলে সুন্নাত ওয়াল জামাআত কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফুর রহমান এবং রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক বিল্লাহ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, নৈতিকতা এবং শান্তি ও সম্প্রীতির নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।