স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতির আহ্বান স্বাস্থ্য মন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।
আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতভাবে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
নেতাকর্মীদের সতর্ক করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে।
মন্ত্রী এ সময় সারের ডিলার প্রসঙ্গে বলেন, প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিলারদের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও থাকবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় আলোচনা সভা, র্যালি, মাইকিং, পোস্টার ও ব্যানার প্রদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেন মন্ত্রী।