তৈরি পোশাক খাতে পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের আহ্বান
তৈরি পোশাক (আরএমজি) খাতে অর্থায়নের পরিধি বাড়াতে ব্যাংকঋণের পাশাপাশি পুঁজিবাজারভিত্তিক দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি ও সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে ডিএসই প্রশিক্ষণ একাডেমিতে ‘তৈরি পোশাক খাতের অর্থায়নের নতুন দিগন্ত: পুঁজিবাজারের সুযোগ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।
কর্মশালায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পুঁজিবাজার শুধু বিনিয়োগের মাধ্যম নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেসরকারি খাতের সম্প্রসারণে এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস। পুঁজিবাজারকে শেয়ারবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ডসহ বিভিন্ন অর্থায়ন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে।
তিনি বলেন, বেসরকারি খাতের অর্থায়নের চাহিদা ও পুঁজিবাজারের সক্ষমতার মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করা জরুরি। উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সীমাবদ্ধতা চিহ্নিত করে একটি স্বচ্ছ, কার্যকর ও ব্যবসাবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে হবে।
সুইসকন্ট্যাক্টের প্রোগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন বলেন, প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করছে। ব্যাংকঋণের পাশাপাশি পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, পুঁজিবাজারে অংশগ্রহণে আগ্রহী তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে তাদের সাফল্য দেখে অন্য প্রতিষ্ঠানগুলোও পুঁজিবাজারভিত্তিক অর্থায়নে উৎসাহিত হয়।
বিকেএমইএর ডেপুটি সেক্রেটারি মো. হারুনূর রশিদ বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো এখনো প্রধানত ব্যাংকনির্ভর। পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের কার্যকর বিকল্প হতে পারে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও লংকাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং ডিএসইর বাজার উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের তালিকাভুক্তি, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ প্ল্যাটফর্ম, বন্ড ও সরাসরি তালিকাভুক্তিসহ বিভিন্ন অর্থায়ন সুযোগ তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান বলেন, উদ্যোক্তাদের পুঁজিবাজারে আসতে ডিএসই পরামর্শক সেবা ও ব্যক্তিগত পরামর্শ দিচ্ছে।