ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন মার্কিন রাষ্ট্রদূতের

প্রকাশঃ Sep 14, 2026 - 20:14
ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন মার্কিন রাষ্ট্রদূতের


তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পে প্রয়োজনীয় লেবেল ও অন্যান্য পণ্য দ্রুত সরবরাহের সক্ষমতা বাড়াতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের একটি প্রযুক্তিনির্ভর স্মার্ট ওয়্যারহাউজ চালু হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ঢাকা ইপিজেডে ওয়্যারহাউজটির উদ্বোধন করেন।

৮৩০ বর্গমিটার আয়তনের এ স্মার্ট ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন পণ্য সংরক্ষণ করা যাবে। পণ্য গ্রহণ, সংরক্ষণ, অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেটজাতকরণ ও সরবরাহের কাজ ডিজিটাল ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে পরিচালিত হবে। এভারি ডেনিসনের বৃহত্তর ‘ম্যানুফ্যাকচারিং ৪.০’ উদ্যোগের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রযুক্তি, উৎপাদনশীলতা ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা গুরুত্বপূর্ণ। মার্কিন কোম্পানিগুলো প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের শিল্প সক্ষমতা আরও শক্তিশালী করতে পারে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা তুলে ধরে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর বিনিয়োগ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের রপ্তানি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করছে। এভারি ডেনিসনের স্মার্ট ওয়্যারহাউজ বাংলাদেশের শিল্পখাতে স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বয়ংক্রিয়তা ও আধুনিক সরবরাহ ব্যবস্থাপনার দিকে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

তিনি বলেন, এভারি ডেনিসনের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে শুধু বিনিয়োগই করছে না, প্রযুক্তি, জ্ঞান ও আধুনিক উৎপাদন পদ্ধতিও নিয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (ঢাকা ইপিজেড) মোহাম্মদ আব্দুল জব্বার, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ বেপজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা ইপিজেডের জোন কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে বেপজার কার্যক্রম, ইপিজেডগুলোতে বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থান এবং শ্রমিক-ব্যবস্থাপনার সুসম্পর্ক ও বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে জানানো হয়।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। পরে ভিজিটরস বুকে মার্কিন রাষ্ট্রদূত পারস্পরিক বাণিজ্যের এজেন্ডায় একসঙ্গে কাজ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জোন কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে বেপজার অধীনে আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চল চালু রয়েছে। শিগগিরই পটুয়াখালী ও যশোর ইপিজেডও কার্যক্রমে আসবে। তিনি সম্ভাব্য বিনিয়োগকারীদের নতুন এ দুটি ইপিজেডে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের জন্য বিভিন্ন ধরনের লেবেল, ব্র্যান্ডিং সামগ্রী ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং প্রায় ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।