নিরাপত্তা নীতি নিয়ে আদালতের আদেশ চ্যালেঞ্জ করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেছেন, তার কঠোর নিরাপত্তা নীতি বাস্তবায়নে বাধা দেওয়া আদালতের একাধিক আদেশ তিনি আইনিভাবে মোকাবিলা করবেন।
দে লা এসপ্রিয়েলা কলম্বিয়ার বিভিন্ন মাদক পাচারকারী গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান ঘোষণা করেছেন। তার এই নিরাপত্তা নীতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত মাসে ক্ষমতা গ্রহণের পর থেকেই ডানপন্থী এই প্রেসিডেন্টকে একের পর এক আইনি বাধার মুখে পড়তে হয়েছে।
কোনো নির্দিষ্ট এলাকায় অপ্রাপ্তবয়স্কদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকলে, সেখানে অবস্থানরত গেরিলা গোষ্ঠীগুলোর ওপর বোমা হামলা চালানো থেকে বিরত থাকতে সম্প্রতি সরকারকে নির্দেশ দিয়েছে একটি আদালত।
এর আগে আরেকটি আদালতের আদেশে কোকা গাছের চাষ ধ্বংস করতে গ্লাইফোসেট নামের একটি আগাছানাশক ছিটানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এই রাসায়নিক মানুষের শরীরে ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।
আরেকটি আদালতের আদেশে প্রেসিডেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়। ওই ভিডিওগুলোতে তাকে কথিত অপরাধীদের লাশের পাশে হাঁটতে দেখা গিয়েছিল।
রোববার এক ভাষণে দে লা এসপ্রিয়েলা বলেন, ‘আদালতের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করতে হবে এবং বিদ্যমান আদেশ মেনে চলতে হবে। তবে এর অর্থ এই নয় যে, সেগুলোর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অধিকার আমরা ছেড়ে দেব।’
কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী দেশ। একই সঙ্গে দেশটি গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সময় পার করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত মাদক কার্টেলবিরোধী জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এও যোগ দিয়েছে কলম্বিয়া।
এই জোটে আর্জেন্টিনা, ইকুয়েডর ও এল সালভাদরসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ রয়েছে।