নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

প্রকাশঃ Sep 14, 2026 - 20:33
নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে


চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে।

রোববার ঘোষণা করা নতুন বিধিমালা ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। এতে বেইজিংয়ে মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা বা সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শহরের আকাশসীমায় ড্রোন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ড্রোন বা এর যন্ত্রাংশ বেইজিংয়ে নিয়ে আসাও নিষিদ্ধ করা হবে।

২ কোটি ২০ লাখ মানুষের শহর বেইজিংয়ে আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় গত জুনে। ওই সময় একটি ছোট বিমান শহরের সবচেয়ে উঁচু ভবনে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত ও ১৩ জন আহত হন।

বেইজিংয়ের পৌর সরকার প্রণীত বিধিমালায় ‘রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার’ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

মে মাসে জারি করা বিধিমালা অনুযায়ী, বেইজিংয়ে ড্রোন বিক্রি ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়। তবে, মালিকদের ড্রোন নিবন্ধন করতে হলেও সেগুলো নিজেদের কাছে রাখার অনুমতি ছিল।

নতুন বিধিমালা অনুযায়ী, সব ড্রোন মালিককে ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের ড্রোন নষ্ট করতে হবে অথবা বেইজিংয়ের বাইরে নিয়ে যেতে হবে। তা না হলে ড্রোন জব্দের পাশাপাশি জরিমানার মুখে পড়তে হবে।

কর্তৃপক্ষ ড্রোন মালিকদের এগুলো বাতিল করে দেওয়ার জন্য ভর্তুকি দেবে। পাশাপাশি বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে ড্রোন বিক্রির সুযোগও দেওয়া হবে।

অন্যদিকে, ড্রোন বিনামূল্যে ডাকযোগে বেইজিংয়ের বাইরে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

বেইজিংয়ের আকাশসীমায় ড্রোন ওড়াতে এরই মধ্যে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

নতুন বিধিমালা অনুযায়ী, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কৃষিকাজ, দুর্যোগ মোকাবিলা ও গবেষণার মতো বিশেষ প্রয়োজনে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।