১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব ফ্রান্সের

প্রকাশঃ Sep 14, 2026 - 20:34
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব ফ্রান্সের


১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ আগের প্রস্তাব বাতিল করার পর প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার এ কথা জানিয়েছেন।

ফ্রান্সের সাংবিধানিক পরিষদ গত আগস্টের মাঝামাঝি আগের আইনটি বাতিল করে। পরিষদ বলেছে, আইনের একটি অংশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাখোঁ সোমবার এক্স-এ লিখেছেন, ‘কঠোর কৌশলগত কাজের পর সরকার আজ নতুন খসড়াটি ইউরোপীয় কমিশনকে অবহিত করছে।’

এই অবহিতকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে প্রস্তাবিত আইনটি ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা হবে।

শিশু ও কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা মাখোঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এ নিষেধাজ্ঞা কার্যকর দেখতে চান।

একই ধরনের আইন পুরো ইউরোপীয় ইউনিয়নে চালুর আহ্বানও জানিয়েছেন তিনি।

ইইউর প্রধান উরসুলা ফন ডার লিয়েন চলতি সপ্তাহে ব্রাসেলসে দেওয়া এক ভাষণে শিশুদের জন্য পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্কতা বাড়তে থাকায় বিশ্বের আরও অনেক দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের প্রবেশাধিকার সীমিত করার উদ্যোগ নিচ্ছে।