সুদানের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলা
ইথিওপিয়া সীমান্তবর্তী সুদানের ব্লু নাইল রাজ্যের রাজধানী আল-দামাজিনে সোমবার রাতে আধাসামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় সুদানের সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। বিমানবন্দরের কাছে একটি ড্রোন পড়ে গিয়ে বড় বিস্ফোরণ ও আগুনের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
সুদানের রাজ্য সরকার জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ নিহত এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আল-দামাজিন এতদিন তুলনামূলক নিরাপদ থাকলেও চলতি বছর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং তাদের মিত্ররা ইথিওপিয়া সীমান্ত দিয়ে শহরটির দিকে অগ্রসর হচ্ছে। সংঘর্ষের কারণে এ বছর ব্লু নাইল রাজ্যে প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সুদান অভিযোগ করেছে, ইথিওপিয়ার ভেতর থেকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস হামলা চালাচ্ছে। ইথিওপিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।