বোয়িং ও মার্কিন প্রযুক্তি বাংলাদেশের বিমান খাতে অবদান রাখছে: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ বলেছেন, বোয়িং বিমান ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তি বোয়িংয়ের বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে অবদান রাখছে, যা দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
আজ রাজধানীর সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন বলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে।
এ সময়, রাষ্ট্রদূত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে বোয়িং বিমান ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির অবদান নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া, দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং এ ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেন।