ব্রুকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড

প্রকাশঃ Sep 16, 2026 - 22:18
ব্রুকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড


অধিনায়ক হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। 

টি-টোয়েন্টিতে এই প্রথম লংকানদের বিপক্ষে ১০০ বা তার বেশি ব্যবধানে জিতল ইংলিশরা।

সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অভিষেক ম্যাচ খেলতে নেমে ৫ বলে ১২ রান তুলে ফিরেন ওপেনার অ্যানাইরিন ডোনাল্ড। 

দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১২৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আরেক ওপেনার জশ বাটলার ও ব্রুক। 

৮টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৮০ রান তুলে থামেন বাটলার। তবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ব্রুক। 

ইনিংসের শেষ পর্যন্ত খেলে ইংল্যান্ডকে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের সংগ্রহ এনে দেন ব্রুক। ১০ চার ও ৬ ছক্কায় ৪৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলংকার চার বোলার ১টি করে উইকেট শিকার করেন। 

জবাব দিতে নেমে ইংল্যান্ড বোলারদের তোপে ১৯ ওভারে ১৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে দুনিথ ওয়েলালাগে ৩৩ ও দাসুন শানাকা ২৪ রান করেন। 

ইংল্যান্ডের সনি বেকার ৩টি এবং লিয়াম ডসন ও জেমি ওভারটন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান ব্রুক। 

১-০ ব্যবধানে এগিয়ে কাল শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।