চট্টগ্রামে জাহেদুল হত্যা মামলায় ১২ জন গ্রেফতার
জেলার সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আসামি মো. আজাদকে আদালতে সোপর্দ করার পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- জসিম উদ্দিন (৫০), জয়নাল আবেদীন মানিক (২৬), মো. রিদুয়ান (২৬), মো. টিপু (৩৫), আবু মাজহারুল ইসলাম ইফাজ (২০), আবদুল্লাহ আল তুষার (৩০), খোরশেদ আলম ওরফে ফারুক (৫২), মো. রবিউল হোসেন (২১), আবুল কাশেম (৩৮) ও হাবিবুর ইসলাম ওরফে হাবিব (২৮)।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটা ও চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। এই বিরোধের জের ধরে গত ৩০ আগস্ট রাতে নতুন হাট এলাকায় আসামিরা জাহিদকে ঘিরে ধরে মারধর ও জিজ্ঞাসাবাদ করে। পরে রাত ১০টার দিকে বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় আসামিরা দ্বিতীয় দফায় দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে জাহিদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জাহিদ গুরুতর আহত হয়ে মারা যান এবং সঙ্গী ওয়াহিদ আহত হন।
এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদি হয়ে সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মাসুদ আলম বলেন, গ্রেফতারকৃত আসামি আজাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।