যশোরে ৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

প্রকাশঃ Sep 16, 2026 - 22:21
যশোরে ৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ


জেলা শহরের চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে এক চাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৭ টনের বেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছচাষি শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযুক্তকে এ জরিমানা করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ পুলিশের একটি দল ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।