স্বাস্থ্যমন্ত্রী জনবান্ধব প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন

প্রকাশঃ Sep 22, 2026 - 21:13
স্বাস্থ্যমন্ত্রী জনবান্ধব প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন


সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী আজ মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদ সদস্যগণ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের সুযোগ দেওয়া হবে না। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও সরকারি সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। একইসাথে সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর নজরদারির নির্দেশ দেন তিনি। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, চোরাচালান ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং ওয়ার্ড পর্যায়ে হেলথ ওয়েলবিং হাব গড়ে তোলার কার্যক্রমও এগিয়ে চলছে।

ডেঙ্গু ও হাম প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসাথে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইনটেন্সিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তারা।