জাপান ভারতের কাছে ২ রানে হারলো

প্রকাশঃ Sep 22, 2026 - 21:20
জাপান ভারতের কাছে ২ রানে হারলো


জয়ের সম্ভাবনা জাগিয়েও ভারতের বিপক্ষে জিততে পারলো না জাপান ক্রিকেট দল। প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়ে মাত্র ২ রানে হেরে গেছে র‌্যাংকিংয়ে ৪১তম স্থানে থাকা জাপান।

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই ম্যাচের আয়োজন করেছে দুই দেশ।

জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি ৫ ওভারে নামিয়ে আনা হয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। টপ অর্ডারে সঞ্জু স্যামসন ৯, অভিষেক শর্মা গোল্ডেন ডাক ও ইশান কিশান ৩ রানে আউট হন।

চতুর্থ উইকেটে ১৩ বলে ১৮ রান যোগ করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মা। এতে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানের সংগ্রহ পায় ভারত। আইয়ার ১ চারে ১২ বলে ১৬ রান করেন।

উইকেট স্পিন সহায়ক হওয়ায় স্পিনারদের দিয়েই পুরো ৫ ওভার শেষ করেছে জাপান। তিন স্পিনার চার্লি হারা-হিনজে ২টি, ইব্রাহিম তাকাহাশি ও বেঞ্জামিন ইতো-ডেভিস ১টি করে উইকেট নেন।

৩৩ রানের টার্গেটে প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট হারায় জাপান। ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক।

পরের ওভারে আবারও উইকেট হারায় জাপান। ৪ রানে থামেন তিন নম্বরে নামা তাকাহাশি। ৭ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে জাপান।

তৃতীয় উইকেটে ১৪ বলে ১৮ রানের জুটি গড়ে দলকে জয়ের লড়াইয়ে রাখেন অধিনায়ক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও বেঞ্জামিন ইতো-ডেভিস। শেষ ওভারে ৮ রানের দরকার পড়ে জাপানের।

ভারত স্পিনার অক্ষর প্যাটেলের করা শেষ ওভার থেকে ৫ রানের বেশি নিতে পারেনি জাপান। ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলে ম্যাচ হারে জাপান। দলের হয়ে ১ চারে ১২ বলে সর্বো”চ ১২ রান করেন কাদোওয়াকি-ফ্লেমিং।

এছাড়া ইতো-ডেভিস ৯ ও শিরাই-প্যাটমোর ২ রানে অপরাজিত থাকেন। বল হাতে ভারত স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৩ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের আইয়ার।