ইউরিয়া আমদানির দুই প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

প্রকাশঃ Sep 23, 2026 - 19:11
ইউরিয়া আমদানির দুই প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির


দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা পূরণে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউরিয়া সার আমদানির দু’টি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কমিটির আজ অনুষ্ঠিত চলতি বছরের ৩০তম সভায় এ সুপারিশ করা হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের দু’টি প্রস্তাব উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রথম প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বিদ্যমান জি-টু-জি চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান ফ্রি অন বোর্ড (এফওবি) পদ্ধতির পাশাপাশি কস্ট অ্যান্ড ফ্রেইট (সিএফআর) ভিত্তিতে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সুযোগ থাকবে।

দ্বিতীয় প্রস্তাবের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জি-টু-জি ব্যবস্থার অধীনে ফরেন ইকোনমিক কর্পোরেশন প্রোডিনটর্গের কাছ থেকে প্রিলড ইউরিয়া সার আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

উভয় প্রস্তাবই শিল্প মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।