পিরোজপুরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় পিরোজপুর জেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, হাসপাতালের অবকাঠামো এবং বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় রোগীদের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, পিরোজপুর। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয় বিষয়সমূহ তুলে ধরেন।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।