নরসিংদীতে ডিলারসহ তিনজনকে জরিমানা, জব্দ করা হয়েছে সার

প্রকাশঃ Sep 24, 2026 - 20:33
নরসিংদীতে ডিলারসহ তিনজনকে জরিমানা, জব্দ করা হয়েছে সার


জেলার রায়পুরায় সার ব্যবস্থাপনা ও বিক্রয় কার্যক্রম মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় দুই দোকানদার ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২১০ কেজি সার জব্দ করা হয়েছে। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলার লোচনপুরা ও জঙ্গি শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ আলম, হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, সার ফসল উৎপাদনে বিশেষ গুরুত্ব বহন করে থাকে। কৃষি মন্ত্রণালয় সবসময় সারে ভর্তুকি দিয়ে থাকে।

ভর্তুকি পণ্যে যাতে কোনো অনিয়ম না হয় এরই অংশ হিসেবে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছি। সারের যেন কোনো কৃত্রিম সংকট না হয় এজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, আজ এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই দোকানিকে ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৬৩২ টাকা মূল্যের সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে স্থানীয়দের মাঝে বিক্রি করে দেওয়া হয়।