আসিয়ান দেশগুলোতে রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন ডিসিসিআই সভাপতি

প্রকাশঃ Sep 26, 2026 - 20:57
আসিয়ান দেশগুলোতে রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন ডিসিসিআই সভাপতি


আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

কুয়ালালামপুরে ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়া (এনসিসিআইএম) এবং ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)-এর সঙ্গে ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত পৃথক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

‘মালয়েশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম: ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক অনুষ্ঠানে তাসকীন আহমেদ বলেন, তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা, পাট ও পাটজাত পণ্য এবং খাদ্যপণ্যসহ বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবা আসিয়ান বাজারে সম্প্রসারণে মালয়েশিয়ার সহযোগিতা প্রয়োজন।

একইসঙ্গে বাংলাদেশের বৃহৎ অভ্যন্তরীণ বাজার এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে মালয়েশিয়ার পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাতে দেশটির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এনসিসিআইএম সভাপতি নরসিয়াহরিন বিন হামদিন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এফএমএম আয়োজিত ‘স্ট্র্যাটেজিক ফোরাম: বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস অ্যান্ড ট্রেড অপরচুনিটিজ’-এ সংগঠনটির সভাপতি জ্যাকব লি চোর কক বলেন, বেসরকারি খাতের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করা সম্ভব।

তিনি মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, মালয়েশিয়ায় অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে তারা বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।

সভায় বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ডিসিসিআই ও এফএমএম-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন তাসকীন আহমেদ ও জ্যাকব লি চোর কক।

এ ছাড়া দুই দেশের উদ্যোক্তারা প্রায় ৭০টি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশনে অংশ নিয়ে ব্যবসা ও বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে তথ্য বিনিময় করেন।