২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ: কোহলি
আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ সালে ভারতের হয়ে শেষবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে সর্বস্ব উজাড় করে দিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপার স্বাদ নিতে চান কোহলি।
জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানান, আগামী বছর ভারতের হয়ে শেষ বিশ্বকাপ খেলবো। আমার লক্ষ্য থাকবে, শিরোপা জয়।
২০২৪ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। ওয়ানডেতে ভারতের হয়ে শেষবারের মতো বিশ্বকাপ খেলার কথা জানালেন তিনি।
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে যৌথভাবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ওই আসরেই ভারতের হয়ে শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন কোহলি।
তিনি বলেন, ‘ এটা হবে ভারতের হয়ে আমা শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়া। অবশ্যই আমার লক্ষ্য থাকবে বিশ্বকাপ জয় করা এবং এ জন্য যা যা করা দরকার, আমি সেগুলো করার জন্য পুরোপুরি প্রস্তুত।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন কোহলি। এরমধ্যে ২০১১ সালের শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। ২০২৩ সালে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতকে।
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা বা চাপের মাত্রা অন্য যেকোনো কিছুর থেকে বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ম্যাচের সমান তীব্রতা নিয়ে ১০ ম্যাচ খেলতে হয়। কিন্তু একটি টি-টোয়েন্টি ম্যাচের তুলনায় একটি ৫০ ওভারের ম্যাচ হলো আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ একইরকম মানসিকতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়। তার ওপর বিশ্বকাপ হবে বিদেশের মাটিতে। এসব বিষয় একজন খেলোয়াড়ের জন্য অনেক ধকল সৃষ্টি করে।’
চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলে এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সি কোহলি। ব্যাট হাতে ৩৭ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ১২ হাফ-সেঞ্চুরিতে ৫৯ দশমিক ৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি।
সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ৩০২ ইনিংসে ৫৪ সেঞ্চুরি ও ৭৯ হাফ-সেঞ্চুরিতে ৫৮ দশমিক ৫৯ গড়ে ১৪, হাজার ৯৪১ রান করেছেন কোহলি।