পিরোজপুরে মশারি, কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ
জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার ৯টি ওয়ার্ডের একহাজার পাঁচশ’ জন ব্যক্তির মধ্যে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি'র সভাপতি জসীম উদ্দীন ফরাজী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেককে একটি করে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার প্রদান করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচি শেষে মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

