বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় সহায়তা দিতে আগ্রহী সিঙ্গাপুর

প্রকাশঃ Sep 27, 2026 - 21:20
বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় সহায়তা দিতে আগ্রহী সিঙ্গাপুর


বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য পরিধি প্রতিনিয়ত বাড়ছে। বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিঙ্গাপুর-বাংলাদেশের সুদীর্ঘ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। 

তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। এছাড়া উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সিঙ্গাপুর মিশনের নিউ চার্জ ডি’অ্যাফেয়ার্স ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, সিঙ্গাপুর মিশনের সেকেন্ড সেক্রেটারি ধান্য লিঙ্গেশ প্রমুখ উপস্থিত ছিলেন।