শিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।
এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ভ্যাটিকান প্রতিনিধিদল বাংলাদেশে ক্যাথলিক মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় তাদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।
প্রতিনিধিদল উভয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে।
এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে অত্যন্ত দৃঢ় ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।