হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিক প্রধান আমোদেই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত নৈশভোজে অংশ নেবেন। প্রযুক্তি শিল্পের একটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
এ বৈঠকের আগে অ্যানথ্রপিক ও ট্রাম্প প্রশাসনের মধ্যে কয়েক মাস ধরে প্রকাশ্য বিরোধ চলেছে।
সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অ্যাক্সিওসসহ মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এ ব্যক্তিগত নৈশভোজই হবে ট্রাম্প ও আমোদেইয়ের মধ্যে প্রথম একান্ত বৈঠক। অ্যাক্সিওসই প্রথম নৈশভোজের পরিকল্পনার খবর প্রকাশ করে।
পেন্টাগনের অ্যানথ্রপিককে ‘সরবরাহব্যবস্থার ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত একটি ফেডারেল আপিল আদালত বহাল রাখার দুই দিন পর এ আমন্ত্রণ জানানো হলো। এর ফলে মার্কিন সামরিক বাহিনী প্রতিষ্ঠানটির এআই মডেল ব্যবহার করতে পারবে না।
ফেব্রুয়ারিতে অ্যানথ্রপিক তাদের প্রযুক্তি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র বা দেশের অভ্যন্তরে ব্যাপক নজরদারির কাজে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর পর ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
অ্যানথ্রপিকের প্রধান এআই উন্নয়ন স্থগিত রাখার আহ্বান জানানোর পর, ট্রাম্প আমোদেইকে কটাক্ষও করেন। তিনি বলেন, আমোদেই ‘একেবারে নিখুঁত ছোট্ট দেবদূত’ হওয়ার চেষ্টা করছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে সম্মান জানাতে বৃহস্পতিবার আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে আমোদেই উপস্থিত ছিলেন না। তবে ওই নৈশভোজে এআই শিল্পের শীর্ষ নির্বাহীরা অংশ নেন।
তাদের মধ্যে ছিলেন আমোদেইয়ের প্রতিদ্বন্দ্বী এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় এর উন্নয়ন ধীর করার জন্য ক্রমবর্ধমান আহ্বান জানানো হলেও মার্কিন সরকার মনে করে, ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল ও মেটার মতো বড় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ধীর করার সুযোগ নেই। কারণ এতে চীন এগিয়ে যেতে পারে।
উন্নত এআই মডেলের কারণে সৃষ্ট অসংখ্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে রোববার ফক্স নিউজ জানতে চাইলে ট্রাম্প এসব উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি এ নিয়ে উদ্বিগ্ন নই।’
মঙ্গলবার ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এআই খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন।