দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
গত রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচ ৬৭ রানে এবং দ্বিতীয়টি ৩২ রানে জিতেছিল প্রোটিয়ারা।
তৃতীয় ও শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই নিয়ে টানা ষষ্ঠবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল প্রোটিয়ারা। সর্বশেষ ২০১৪ সালে অসিদের কাছে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
পচেফস্ট্রুমে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ বলে ৭৮ রানের সূচনা করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। ব্যক্তিগত ২৪ রানে হেড থামলেও ৪২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৬ রান করে আউট হন মার্শ।
মিডল অর্ডারে চতুর্থ উইকেটে ওলিভার পিকেকে নিয়ে ৭৩ এবং পঞ্চম উইকেটে ম্যাট রেনশর সাথে ৬৬ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি।
পিকে ৪৮ ও রেনশ ৩০ রানে থামলেও ওয়ানডেতে ১৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ক্যারি। ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ক্যারির ৭৪ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
৬০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফল বোলার কর্বিন বশ।
জবাব দিতে নেমে ২৮ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টিতে এক ঘণ্টার বেশি খেলা বন্ধ থাকলে, ম্যাচটি আর মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। এছাড়া ম্যাথু ব্রিটস্কি ২৫ ও ওপেনার আইডেন মার্করাম ১৫ রান করেন।
অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন। আগামী ৯ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে দুই দল।