ময়মনসিংহে ৬৪ দুঃস্থ ও অসহায়ের মাঝে চেক বিতরণ
অসচ্ছল ব্যক্তি, মানবিক বিপর্যয়ের শিকার ও দুঃস্থ মানুষের সহায়তায় ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। এ সময় ৬৪ জন উপকারভোগীর মধ্যে ৬ লাখ ২৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে নিজস্ব হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ময়মনসিংহ জেলা পরিষদ অবিচল থাকবে। একজন অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্তব্য। অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসা বা জরুরি প্রয়োজন মেটাতে অসহায় হয়ে না পড়েন, এজন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা করা, একটি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং একজন বিপদগ্রস্ত মানুষের মনে সাহস সৃষ্টি করাও উন্নয়নের অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, হিসাবরক্ষক তোসলিম আহমেদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে চেক গ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরুজ্জামান, সনি চন্দ্র দে, হাসিনা বেগম, সাহেরা বিবি, পবিত্র কুমার ঘোষ, হালিমা খাতুন, রফিউদ্দিন ইসলাম রনি, মোহাম্মদ জামালুদ্দিন, কাজী মোহাম্মদ আব্দুল্লাহ উদ্দিন সাজ্জাদ এবং মোহাম্মদ নজরুল ইসলাম খান।
এ সময় চেক গ্রহণকারীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।