সিরিয়া সীমান্তে ২০১৩ সালের হামলার সন্দেহভাজনকে গ্রেপ্তার করল তুরস্ক
তুরস্কের গোয়েন্দা সংস্থা ২০১৩ সালে সিরিয়া সীমান্তের কাছে প্রাণঘাতী হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় রেইহানলি অঞ্চলে ওই বছর দুটি বোমা হামলায় ৫৩ জন নিহত হন।
দুই বছর আগে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবের সঙ্গে সংশ্লিষ্ট তুরস্কের সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশ জারি থাকা সিরীয় নাগরিক ওমর আল-খাতিব হামলাকারীদের সঙ্গে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।
আনাদোলু জানায়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) ইউরোপে সমুদ্রপথে যাওয়ার প্রস্তুতিকালে আল-খাতিবকে আটক করে।
রেইহানলি হামলার জন্য আঙ্কারা সিরীয় সরকারের সমর্থনপুষ্ট তুরস্কের উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে। তবে দামেস্ক এ অভিযোগ অস্বীকার করে।
আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিদ্রোহীদের জোরালো সমর্থক ছিল তুরস্ক। সংঘাত থেকে পালিয়ে আসা লাখ লাখ সিরীয় নাগরিককে দেশটি আশ্রয়ও দিয়েছে।
প্রায় দুই বছর আগে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আঙ্কারা।