সিভিল এভিয়েশনে মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশঃ Oct 2, 2026 - 19:32
সিভিল এভিয়েশনে মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন বিষয়ে মৌলিক ও সমন্বিত ধারণা প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে আয়োজিত ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ ২ অক্টোবর সিভিল এভিয়েশন একাডেমিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ এর স্বাক্ষরিত এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। গত ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ০২ অক্টোবর ২০২৬ তারিখে মোট পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জুলকার নায়ন উপস্থিত ছিলেন।

এছাড়া বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (এটিএম) এয়ার কমোডোর মোঃ নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডোর মোঃ মনিরুল ইসলাম, সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেন, সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে Civil Aviation Policy and Procedure, Flight Safety and Regulation, Aviation Security, Air Transport Economy, ICAO-এর কার্যক্রম ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাসহ সিভিল এভিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিমানবন্দর পরিচালনা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (ATMC), এপ্রোন ও ফায়ার স্টেশন পরিদর্শন করানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সিভিল এভিয়েশন সম্পর্কে সমন্বিত জ্ঞান ও অভিন্ন ধারণা মন্ত্রণালয় ও বেবিচকের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের পাশাপাশি দেশের এভিয়েশন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিভিল এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ও সমন্বিত ধারণা অর্জন করেছেন। এ জ্ঞান তাঁদের দায়িত্ব পালনে সহায়ক হওয়ার পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর স্ট্যান্ডার্ড ও সুপারিশমালার আলোকে বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।