শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: রেলপথ মন্ত্রী
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি আধুনিক, নিরাপদ ও সুন্দর শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল।
তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের ওপর। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
আজ রাজধানীর কলাবাগানে লেক সাকার্স উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের সমন্বয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাদের মধ্যে দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় দক্ষ করে তুলতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

