অভয়নগরে সার পাচারের দায়ে একজনকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশঃ Oct 5, 2026 - 20:46
অভয়নগরে সার পাচারের দায়ে একজনকে ৫ লাখ টাকা জরিমানা


জেলার অভয়নগরে সরকারি ইউরিয়া সার অনুমতি ছাড়া অজ্ঞাতস্থানে সরিয়ে ফেলার দায়ে আব্দুল মজিদ (৩৩) নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাতে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ বিসিআইসির সঙ্গে চুক্তিবদ্ধ সার পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির খুলনা শাখার ইনচার্জ।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুটি স্তুপে ৪২০ দশমিক ২ মেট্রিক টন সার না থাকার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে আব্দুল মজিদ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর আনসারী জানান, আব্দুল মজিদ অভিযোগ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।