অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি কারখানায় চসিকের অভিযান

প্রকাশঃ Oct 5, 2026 - 20:47
অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি কারখানায় চসিকের অভিযান


চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার এবং পোড়া তেল ব্যবহারের অভিযোগে ‘মায়ের দোয়া’ নামে একটি চানাচুর কারখানায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার নগরের ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার পশ্চিম ঝর্ণাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি এবং পণ্য তৈরিতে অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে পোড়া তেল বারবার ব্যবহার করার বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে কারখানাটির বিরুদ্ধে মামলা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে চসিকের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।