জরিমানার মুখে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
গত শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর গতির বোলিংয়ের দায়ে শাস্তির কবলে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই দলকেই আর্থিক জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম বোলিং করেছে ভারত। অন্যদিকে, দুই ওভার কম করেছে ওয়েস্ট ইন্ডিজ।
মন্থর গতির বোলিংয়ের বিরুদ্ধে আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। ফলে ভারতকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল ও ওয়েস্ট ইন্ডিজ দলনেতা শাই হোপ।
তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া।
তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের ছুঁড়ে দেওয়া ৩৫১ রানের টার্গেট ১০ বল বাকী রেখেই স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৩ বলে ১৬২ রানের অনবদ্য ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক শাই হোপ।
আগামী ৬ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

