ব্যাংকিং খাতে শক্তিশালী ফিনটেক ইকোসিস্টেম প্রয়োজন: বিশেষজ্ঞরা
ভবিষ্যৎ-উপযোগী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের ব্যাংকিং খাতে শক্তিশালী ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেক ইকোসিস্টেম এবং উদ্ভাবনী সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থাকে আরো কার্যকর ও নিরাপদ করতে ‘ওয়ান পারসন, ওয়ান আইডি’, ডেটা ব্যবস্থাপনা ও নিরাপদ ডেটা শেয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং আন্তঃপরিচালনযোগ্যতা (ইন্টারঅপারেবিলিটি) নিশ্চিত করা জরুরি।
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) আয়োজিত ‘ডিজিটাল ফাইন্যান্স, ফিনটেক অ্যান্ড ফিউচার অব ব্যাংকিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একাডেমির এ কে এন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন।
ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর মাহমুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বর্তমান প্রবণতা, বাংলাদেশের আর্থিক খাতে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ব্যাংকিংয়ের দ্রুত প্রসার এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরেন তিনি।
প্যানেল আলোচনায় ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলম, বিআইবিএম (প্রেষণ)-এর সিনিয়র ফ্যাকাল্টি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল রায় এবং নগদ লিমিটেডের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোতাছিম বিল্লাহ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা ডিজিটাল ফাইন্যান্স ও ফিনটেকের বিকাশ, উদ্ভাবনী আর্থিক সেবা এবং ভবিষ্যৎ ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ও যথোপযুক্ত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।
সেমিনারে ‘ওয়ান পারসন, ওয়ান আইডি’, ডেটা ব্যবস্থাপনা ও নিরাপদ ডেটা শেয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং বিভিন্ন আর্থিক প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃপরিচালনযোগ্যতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।

