তরুণরাই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার মূল শক্তি: ববি হাজ্জাজ

প্রকাশঃ Oct 7, 2026 - 20:16
তরুণরাই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার মূল শক্তি: ববি হাজ্জাজ


বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সরকার কাজ করছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনের এই বিশাল অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় শক্তি হবে দেশের তরুণ প্রজন্ম।

আজ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এ আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএপি’র আইন ও মানবাধিকার বিভাগ এবং ইউনেস্কো মাদানজিত সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (ইউএমএসএআইএলএস)-এর যৌথ আয়োজনে ‘৩য় ইউএমএসএআইএলএস-ইউএপি এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ববি হাজ্জাজ বলেন, ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনে উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে তরুণদের এখন থেকেই প্রযুক্তি, গবেষণা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে।

তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন। আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তবে ভবিষ্যতের সেই বড় দায়িত্ব নেওয়ার জন্য এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু একাডেমিক ডিগ্রি অর্জন নয়, বাস্তব অভিজ্ঞতা ও পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতাই ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম ভিত্তি।’

আইন পেশার নৈতিকতা ও প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি আইনগত গবেষণা ও কাজের ধরন দ্রুত বদলে দিচ্ছে। প্রযুক্তি মানুষের কাজকে সহজ করতে পারলেও বিচার-বিশ্লেষণ, সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধের কোনো বিকল্প হতে পারে না।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, জয়-পরাজয়ের চেয়ে নিজের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অংশ নেওয়া এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করাই মূল বিষয়। এখনকার প্রস্তুতিই ভবিষ্যতে পেশাগত জীবনের মজবুত ভিত্তি তৈরি করে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক এবং উপাচার্য অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদ।

প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।