সাবেক স্পার্স ডিফেন্ডার ভেগার ফিফা সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা

প্রকাশঃ Oct 8, 2026 - 19:27
সাবেক স্পার্স ডিফেন্ডার ভেগার ফিফা সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা


সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার র‌্যামন ভেগা আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতার ঘোষনা দিয়েছেন।

৫৫ বছর বয়সী সুইজারল্যান্ডের সাবেক এই সেন্টার-ব্যাক ২০০৪ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্থিক খাতে কাজ করছেন।

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে লড়ার ইচ্ছা ভেগার এই প্রথম নয়। ২০১৫ সালে দুর্নীতি কেলেঙ্কারিতে সেপ ব্লাটারের পদত্যাগের পর ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচন করার কথা বিবেচনা করেছিলেন তিনি।

২০২২ সালেও নিজের সুইস সতীর্থের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করার চেষ্টা করেছিলেন ভেগা। তবে ব্যালটে জায়গা পাওয়ার মতো পর্যাপ্ত সমর্থন তিনি জোগাড় করতে পারেননি।

ভেগা এ সম্পর্কে এএফপিকে বলেন, “এরপর পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে।” তিনি আরও বলেন, আগেরবারের তুলনায় ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলো পরিবর্তনের জন্য অনেক বেশি উন্মুক্ত।

নিজের প্রার্থিতা ঘোষণার সময় দেওয়া ১১ পৃষ্ঠার নথিতে ভেগা বলেন, “আমি প্রার্থী হচ্ছি, কারণ আমার জীবন আমাকে এই খেলাটির সেবা করার জন্য প্রস্তুত করেছে।”

“আমি বিশ্বাস করি, ফুটবল—, এর অখন্ডতা, এর মানুষ এবং এর ভবিষ্যৎ রক্ষা ও সুরক্ষার দায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতা আমার রয়েছে।”

বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো ফিফার সবচেয়ে বড় আয়োজনগুলো পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান তৈরির ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার পর থেকে তার ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে ফিফার বেশ কয়েকটি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনও হারিয়েছেন তিনি।

গত সপ্তাহে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করা সর্বশেষ সংস্থা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তার রেকর্ড নিয়ে উদ্বেগের কথা জানায় তারা।

ভেগা তার প্রার্থিতা ঘোষণার নথিতে বলেন, “ফুটবল পরিবারের মধ্যে বিশ্বাস ও আস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের দুটিই পুনর্গঠন করতে হবে, ফিফার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে এবং বৈশ্বিক ফুটবল পরিবারকে আবারও ঐক্যবদ্ধ করতে হবে।”

তবে ভেগা আদৌ নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রথমে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে অন্তত পাঁচটির সমর্থন তাকে পেতে হবে। পাশাপাশি ওই পাঁচটির একটি ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রস্তাব করতে হবে।

এ ছাড়া নিয়ম অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীকে আগের পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছর ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং যোগ্যতা যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে।

সম্ভাব্য প্রার্থীদের এসব শর্ত পূরণের জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।