চাঁদপুরে উদ্ধার দুই শর্টগান, ১২ রাউন্ড গুলি
জেলার মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকায় একটি মুরগির খামারের ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। গতকাল রোববার রাত আনুমানিক ১টা ৪৫মিনিটে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পায়, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনও থানায় জমা দেওয়া হয়নি। জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।