মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে রায়ানএয়ারের মুনাফা কমল ৩৪ শতাংশ
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়া এবং টিকিট বিক্রিতে প্রভাব পড়ায় আয়ারল্যান্ডের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের প্রথম প্রান্তিকের নিট মুনাফা ৩৪ শতাংশ কমেছে।
সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জুনের শেষ পর্যন্ত তিন মাসে কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৮০ লাখ ইউরো (৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার)। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৮২ কোটি ইউরো। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যাত্রী সংখ্যার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় এ বিমান সংস্থাটি, মূলত ইউরোপজুড়ে ফ্লাইট পরিচালনা করে। এটি জানায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধির ঝুঁকির বাইরে থাকা তাদের জেট জ্বালানির ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ও'লিয়ারি আর্থিক প্রতিবেদনে বলেন, ‘প্রথম প্রান্তিকে মূল্যবৃদ্ধির ঝুঁকির বাইরে থাকা আমাদের ২০ শতাংশ জেট জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় পরিচালন ব্যয় ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৮১ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।’
তিনি জানান, যাত্রী পরিবহন ৬ শতাংশ বাড়লেও ভাড়া ৬ শতাংশ কমেছে।
ও'লিয়ারি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে জেট জ্বালানির সম্ভাব্য সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং শেষ মুহূর্তে টিকিট বুকিংয়ের প্রবণতার কারণে ভাড়া কমিয়ে চাহিদা বাড়ানোর উদ্যোগ নিতে হয়েছে।’
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের বাকি সময়ে রায়ানএয়ারের নিট মুনাফা মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত আরও বাড়লে, মূল্যবৃদ্ধির ঝুঁকির বাইরে থাকা জেট জ্বালানির দাম, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা এবং ইউরোপের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীদের ধর্মঘটের মতো বিষয়গুলোর ওপর অত্যন্ত সংবেদনশীল থাকবে।