নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ

প্রকাশঃ Jul 25, 2026 - 21:54
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ


জেলার বদলগাছী উপজেলায় আজ ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ২৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ টাকা এবং ২৫ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।